ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’-এ দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
এর প্রায় আধা ঘণ্টা পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
দীর্ঘ প্রায় ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। বর্তমানে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি।